চল ফিরে যাই
চল ফিরে সে অতীত সাদা কালোয়
চল খুঁজি সেই তেপান্তরের মাঠ,
ঘিরে ধরে স্কুলের ছেলেবেলা
চল বন্ধু বাড়াই মোদের হাত।
কত গল্পের ইতিহাস লেখে ফলক
কত বিকেলের টিউশন বওয়া সাইকেল,
কাঁধে বই নিয়ে আমাদের ছেলেবেলা
কবিতার বুলি রবীন্দ্র বা মাইকেল।
বুক দুরুদুরু ক্লাসের কড়া পিরিয়ড
কত গল্পের আড্ডার সব কালবেলা,
প্রিয় বন্ধুর টিফিন টুকরো শেষ করে
চল ফিরে যাই খুঁজি তারে এইবেলা।
কত চেনা মুখ অচেনা লাগে আজি
কত বন্ধু হারিয়ে গেছে দূরে,
হারতে আমরা তখনো শিখিনি জানি
বন্ধন লেখে সবাই মনের সুরে।
চল ফিরে চল আবার যাই স্কুলে
চল হয়ে যাই আবার কচি খোকা,
চল ছুঁড়ে দিই কাজের সব বোঝা
হবে না জানি,তবু আশায় নিজেকে বানাই বোকা।
-----তমাল
Comments
Post a Comment