কবিতা তুমি
কবিতা তুমি বলতে পারো আমার কথা
বলতে পারো রোদের হাসি-গোপন ব্যথা।
কাঁদতে পারো দুঃখের স্রোতে অনাহারে
যে মানুষ লড়াই করে জীবন স্রোতে।
কবিতা তুমি ভাবতে পারো ওদের কথা
যে বুড়িমা ভিক্ষা করে সবার ভিড়ে
যে ছেলেটা খাটে রাস্তায় বই ছেড়ে
ক্লান্তি আর অনাহারে ফেরে নীড়ে।
কবিতা তুমি হাসতে পারো ওদের দেখে
শপিং মলে যে বাবুরা আয়েশ করে-
যে বেবীটা পিৎজা খায়, আর ড্যাডি বলে,
যে ছেলেটা আরাম করে মায়ের কোলে।
কবিতা তুমি কাঁদতে পারো ওদের ভেবে,
যে প্রবীনের হয় না ঠাঁই নিজের ঘরে।
যাদের নিয়ে ভাবে না কেউ আপন করে,
কবিতা তুমি গল্প লেখো ওদের ভেবে।
কবিতা তোমায় জানতে হবে সবার কথা,
কবিতা তোমায় লিখতে হবে সবার ব্যথা।
কবিতা তুমি ছেড়ো না হাল, দিয়ো আশা,
কবিতা তুমি নবীন প্রবীন সবার ভাষা।
Comments
Post a Comment