Posts

Showing posts from June, 2021

বাস্তবের কার্টুন

 ছোট্ট আমার কাঁকড়া- বাবার পিঠে চড়ে বেড়ায় করে যত ব্যাকরা। ছোট্ট বাবা সারস- কাঁধে করে বয়ে বেড়ায় নিয়ে স্নেহের পরশ। এমন করে চলে- বাবা ছেলের কার্টুন খেলায় জীবন কথা বলে। ছোট্ট আমার ইঁদুর- বন সিংহের ঘুম ভাঙাল হালুম শুনে দে দৌড়। ছোট্ট বন্ধুর প্রাণকর্তা সাজা- সিংহ যখন আটকে পরে জাল কেটে বাঁচায় রাজা। এমন করে চলে- কার্টুন কার্টুন খেলার মাঝে শৈশব কথা বলে। মজার গল্প এমনভাবে স্মৃতির কলস ভরে, সবার ঘরে বাবা ছেলে থাকুক এমন করে।                      ----তমাল---

চল ফিরে যাই

 চল ফিরে সে অতীত সাদা কালোয় চল খুঁজি সেই তেপান্তরের মাঠ, ঘিরে ধরে স্কুলের ছেলেবেলা চল বন্ধু বাড়াই মোদের হাত। কত গল্পের ইতিহাস লেখে ফলক কত বিকেলের টিউশন বওয়া সাইকেল, কাঁধে বই নিয়ে আমাদের ছেলেবেলা কবিতার বুলি রবীন্দ্র বা মাইকেল। বুক দুরুদুরু ক্লাসের কড়া পিরিয়ড কত গল্পের আড্ডার সব কালবেলা, প্রিয় বন্ধুর টিফিন টুকরো শেষ করে চল ফিরে যাই খুঁজি তারে এইবেলা। কত চেনা মুখ অচেনা লাগে আজি কত বন্ধু হারিয়ে গেছে দূরে, হারতে আমরা তখনো শিখিনি জানি বন্ধন লেখে সবাই মনের সুরে। চল ফিরে চল আবার যাই স্কুলে চল হয়ে যাই আবার কচি খোকা, চল ছুঁড়ে দিই কাজের সব বোঝা হবে না জানি,তবু আশায় নিজেকে বানাই বোকা।                                   -----তমাল